সাতক্ষীরার নদী-খাল রক্ষায় সামাজিক আন্দোলনের তাগিদ
সাতক্ষীরা প্রতিনিধি
বাংলাদেশ নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মকসুমুল হাকিম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সাতক্ষীরার পরিবেশ আন্দোলনের নেতারা। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে সাতক্ষীরা সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত এই বৈঠকে জেলার নদী ও খাল দখলের সার্বিক পরিস্থিতি এবং তা পুনরুদ্ধারের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে জেলা পর্যায়ের পরিবেশকর্মীরা সাতক্ষীরার প্রধান প্রধান নদী ও খালের বর্তমান বেহাল দশা, অবৈধ দখল এবং প্রবাহ নিশ্চিত করার মূল অন্তরায়গুলো তুলে ধরেন। নদী কমিশনের চেয়ারম্যান মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং চিহ্নিত সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।
নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মকসুমুল হাকিম চৌধুরী বলেন, ‘দেশের প্রায় সব জেলাতেই নদী ও খালের সংকট কমবেশি একই রকম। এই সংকট কাটিয়ে উঠতে শুধু আইনি পদক্ষেপই যথেষ্ট নয়; সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নদী রক্ষায় প্রতিটি এলাকায় জোরালো সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টার-এর জ্যেষ্ঠ সাংবাদিক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা কমিটির উপদেষ্টা কল্যাণ ব্যানার্জি, এটিএন বাংলার সাংবাদিক ও বাপা উপদেষ্টা এম কামরুজ্জামান, উন্নয়ন সংস্থা 'স্বদেশ'-এর নির্বাহী পরিচালক ও বাপার জেলা সাধারণ সম্পাদক মাধব চন্দ্র দত্ত।
এছাড়াও সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-র নেটওয়ার্ক সদস্য শেখ আফজাল হোসেন এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হেড’ -এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইনসহ অন্যান্য পরিবেশকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।