স্টাফ রিপোর্টার
, যশোর
হাসপাতালে চিকিৎসা নিতে এসে অজ্ঞান পার্টির কবলে পড়েছেন সালমা বেগম (৬০) নামে এক নারী। এসময় দুর্বৃত্তরা তার কানের স্বর্ণের দুল নিয়ে চম্পট দিয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে অর্থোপেডিক্স বহির্বিভাগের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সালমা বেগম যশোর সদর উপজেলার ইছালী গ্রামের মৃত আব্দুর রশিদের স্ত্রী।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, কোমরে ব্যথার চিকিৎসা নিতে যশোর জেনারেল হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সামনে আসেন সালমা বেগম। এসময় অজ্ঞাত ব্যক্তিরা তাকে অচেতন করে কানের স্বর্ণের দুল নিয়ে যায়। পরে তার স্বজনরা অর্থোপেডিক্স বিভাগের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে সালমা বেগম হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আহসান কবির বাপ্পি বলেন, হাসপাতালের মধ্যে এধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। অসুস্থ মহিলাকে চিকিৎসাপত্র দেওয়া হয়েছে। হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য রুবেল হোসেন জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।