স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের বারভাগ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরতিবালা বিশ্বাসের বিরুদ্ধে কর্তৃপক্ষের অনুমতি ও প্রয়োজনীয় ছুটি ছাড়াই বিদেশ ভ্রমণের অভিযোগ উঠেছে।
অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, আরতিবালা বিশ্বাস গত ২৮ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। এ সময় তিনি ভারতে অবস্থান করেছেন বলে অভিযোগ রয়েছে। তবে, বিদেশ ভ্রমণের আগে তিনি বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি কিংবা প্রয়োজনীয় ছুটি নিয়েছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
টানা ২০ দিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকার বিষয়টি শিক্ষকদের মধ্যে আলোচনায় এলে ওই সময়ের হাজিরা সংক্রান্ত বিষয়টি প্রধান শিক্ষক সাইদুর রহমানের সহযোগিতায় সমন্বয় করা হয়েছে। তবে, এ অভিযোগের সত্যতা নিশ্চিত করা যায়নি। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক সুবিধা নেওয়ার যে অভিযোগ উঠেছে, তারও কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সংশ্লিষ্টদের মতে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন, বহিঃবাংলাদেশ ছুটি এবং প্রয়োজনীয় অনাপত্তি সনদ (এনওসি) নেওয়ার বিধান রয়েছে। এসব প্রক্রিয়া অনুসরণ না করে বিদেশ ভ্রমণ করা হয়ে থাকলে তা বিধিসম্মত হয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।
প্রকাশিত সংবাদ ও অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৩ আগস্ট ২০২৬ বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার বিদ্যালয়ের শিক্ষক আরতিবালা বিশ্বাসের অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণের অভিযোগ তদন্তের নির্দেশ দেন।
লিখিত আদেশে বলা হয়, স্থানীয় দৈনিকে প্রকাশিত সংবাদের কাটিংয়ের পরিপ্রেক্ষিতে বিষয়টি সরেজমিন তদন্ত করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে দাখিল করতে হবে।
তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই আরতিবালা বিশ্বাসের বিদেশ ভ্রমণ, ছুটি ও অনুমোদন সংক্রান্ত অভিযোগের সত্যতা এবং সংশ্লিষ্টদের দায়িত্ব সম্পর্কে প্রকৃত তথ্য জানা যাবে।