সুবর্ণভূমি ডেস্ক
প্রেসক্লাব যশোরের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ফকির শওকতের আহ্বানে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ক্লাবের নিজস্ব মিলনায়তনে জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতভাবে ফকির শওকতকে আহ্বায়ক ও বিনয় কৃষ্ণ মল্লিককে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
সভায় বলা হয়, গত ৬ আগস্ট ক্লাবের বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ১৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির ওপর অর্পিত দায়িত্ব সন্তোষজনকভাবে এগিয়েছে। ইত্যবসরে আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলা, সদস্য সচিব মবিনুল ইসলাম মবিন ও সদস্য ওহাবুজ্জামান ঝন্টু পদত্যাগ করায় কমিটির মধ্যে থেকেই নতুন আহ্বায়ক ও সদস্য সচিব মনোনীত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর একজন সদস্য এসএম তৌহিদুর রহমান এযাবৎ কোনো সভায় উপস্থিত না হওয়ায় কমিটির কাছে প্রতীয়মান হয়েছে যে, তিনি দায়িত্ব পালনে আগ্রহী নন। সেকারণে তাকে কমিটি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়।
সভায় বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্লাব পরিচালনার দায়িত্ব গ্রহণ করে জরুরি কাজগুলো সমাধা করতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সাবেক আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলা, সাবেক সদস্য সচিব মবিনুল ইসলাম মবিন ও সাবেক সদস্য ওহাবুজ্জামান ঝন্টুর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সভা আশা করে, প্রয়োজনবোধে ভবিষ্যতেও তারা একই ধরনের দায়িত্বশীলতা প্রদর্শন করবেন।
মঙ্গলবারের সভা আগেই মনোনীত নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে পূর্বনির্ধারিত সময়েই নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত বহাল রেখেছে। সেই অনুযায়ী নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সাবেরুল হক সাবু, সদস্য সচিব হাজী আনিছুর রহমান মুকুল ও সদস্য রেজাউল করীমকে যথাসময়ে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের অনুরোধ জানিয়ে মঙ্গলবারই চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়।
সভায় নির্বাচন কমিশনের কাছে পাঠানোর জন্য রেওয়াজ অনুযায়ী ক্লাব সদস্যদের তালিকা হালনাগাদ করার সিদ্ধান্ত হয়। পর্যালোচনায় দেখা যায়, একাধিকবার সময় বর্ধিত করার পরও ক্লাবের তিনজন সদস্য সাকিরুল কবীর রিটন, হাবিবুর রহমান মিলন ও জাহিদুল কবীর মিল্টন ক্লাবের দায়-দেনা পুরোপুরি পরিশোধ করেননি। এমতাবস্থায় তাদের ২ সেপ্টেম্বর (বুধবার) রাত ৮টার মধ্যে দায়-দেনা পরিশোধ করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপরও যদি তারা দায়-দেনা পরিশোধ না করেন, তাহলে বিধি অনুযায়ী তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না।
সভা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছে যে, সামাজিক মাধ্যম ব্যবহার করে কোনো কোনো সদস্য প্রেসক্লাব যশোর তথা যশোরের সাংবাদিক সমাজের মর্যাদা, ঐতিহ্য, সুনামপরিপন্থী কার্যকলাপ চালাচ্ছেন। এছাড়া, তাদের কেউ কেউ কোনো কোনো সাংবাদিককে ব্যক্তিগতভাবে আক্রমণ করে সম্মানহানি করার চেষ্টায়ও লিপ্ত হয়েছেন; যা অত্যন্ত পীড়াদায়ক ও উদ্বেগজনক। সভায় প্রেসক্লাব যশোরের সদস্যদের কাছ থেকে সংযত আচরণ প্রত্যাশা করা হয়। তা না হলে কমিটি তাদের বিরুদ্ধে গঠনতান্ত্রিক ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে।
সভায় প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত হয় এবং তা বুধবারের (২ সেপ্টেম্বর) মধ্যে সম্পন্ন করার তাগাদা দেওয়া হয়। এছাড়া, ক্লাব পরিচালনা, ইলেক্ট্রনিক যন্ত্র নিয়ন্ত্রণ, নিরাপত্তাসহ আনুষঙ্গিক বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফকির শওকত। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বিনয় কৃষ্ণ মল্লিক, আনোয়ারুল কবীর নান্টু, আহসান কবীর, আমিনুর রহমান মামুন, নূর ইসলাম, সরোয়ার হোসেন, জাহিদ আহমেদ লিটন, এম আইউব এবং আকরামুজ্জামান। বিজ্ঞপ্তি