চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে বদ্ধ ঘর থেকে রবিউল ইসলাম (৩০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে উপজেলার উথলী বাজারপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রবিউল ইসলাম উথলী গ্রামের বাজারপাড়ার সালাম মোল্লার ছেলে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, কয়েক দিন ধরে উথলী বাজার এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হয়, পাশের একটি বদ্ধ ঘরে মরদেহ থাকতে পারে। পরে সোমবার রাত সাড়ে ১১টার দিকে উথলী বাজারের এক ব্যবসায়ী জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন।
খবর পেয়ে রাত ১২টার দিকে জীবননগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বদ্ধ ঘর থেকে রবিউলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, রবিউল দীর্ঘদিন ধরে উথলী বাজারপাড়ায় বসবাস করতেন। বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। সম্প্রতি তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে স্থানীয়দের ভাষ্য। ওই ঘরে তিনি একাই থাকতেন।
ওসি সোলায়মান শেখ বলেন, মরদেহের বেশির ভাগ অংশ পচে-গলে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।
তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।