স্টাফ রিপোর্টার
, যশোর
প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে চারটি পদে বাড়তি প্রার্থী নেই। ফলে এসব পদের মধ্যে দুটিতে ভোটের প্রয়োজন নাও হতে পারে। তবে এই বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটি এখনও সিদ্ধান্ত দেয়নি।
তফশিল অনুযায়ী মঙ্গলবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। এদিন কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
এর ফলে সহ-সভাপতির দুটি, যুগ্ম সম্পাদকের দুটি পদে দু’জন করে এবং কোষাধ্যক্ষ ও দফতর সম্পাদক পদে একক প্রার্থী রয়েছেন।
সহ-সভাপতি পদে দৈনিক দিনকাল ও লোকসমাজের আনোয়ারুল কবির নান্টু ও সুবর্ণভূমির সরোয়ার হোসেন প্রার্থী আছেন। যুগ্ম সম্পাদক পদে সুবর্ণভূমির কাজী আশরাফুল আজাদ ও কালের কণ্ঠের ফিরোজ গাজী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই দুই পদে ভোটগ্রহণ করা হবে নাকি সমঝোতার ভিত্তিতে পদ বণ্টন করা হবে, তা এখনও নিশ্চিত করেনি নির্বাচন পরিচালনা কমিটি।
অন্যদিকে কোষাধ্যক্ষ পদে দৈনিক নতুন সকালের বার্তার জাহিদ আহমেদ লিটন এবং দফতর সম্পাদক পদে লোকসমাজের তহীদ মনি একক প্রার্থী হিসেবে রয়েছেন। ফলে এই দুই পদে ভোটগ্রহণের প্রয়োজনীয়তা থাকছে না।
এবার প্রেসক্লাব যশোরের ১৫টি পদের বিপরীতে মোট ২১টি মনোনয়নপত্র জমা পড়ে।
৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা এবং ৭ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
এখন সভাপতি, সাধারণ সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যের ছয়টি পদে প্রতিদ্বন্দ্বিতা হবে। সভাপতি পদে লড়ছেন দৈনিক প্রভাতফেরীর ফকির শওকত ও দৈনিক যশোরের জাহিদ হাসান টুকুন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মানবজমিনের নূর ইসলাম, প্রজন্ম একাত্তরের ওহাবুজ্জামান ঝন্টু ও সময় টিভির জুয়েল মৃধা।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দ্য নিউ এজ ও লোকসমাজের সাইফুর রহমান সাইফ এবং গ্রামের কাগজের দেওয়ান মোর্শেদ আলম।
এছাড়া ছয়টি সদস্য পদের বিপরীতে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, দৈনিক বাংলার ভোরের আব্দুল ওয়াহাব মুকুল, দৈনিক জন্মভূমির শহিদ জয়, দৈনিক যুগান্তরের তৌহিদ জামান, দৈনিক আমাদের সময়ের রফিকুল ইসলাম, দৈনিক স্পন্দনের মুর্শিদুল আজিম হিরু, দৈনিক যশোরের গালিব হাসান পিল্টু, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের এসএম সোহেল এবং প্রজন্ম একাত্তরের সফিক সায়ীদ।
তফসিল অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রেসক্লাব যশোরে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোটগ্রহণ শেষে সঙ্গে সঙ্গে ভোট গণনা শুরু এবং শেষে ফলাফল প্রকাশ করা হবে।