মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
‘সাক্ষরতা অর্জন করি, দক্ষতা ও জ্ঞান দিয়ে সমৃদ্ধ সমাজ গড়ি’, এই প্রত্যয়কে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, মহেশপুর পৌরসভার প্রকৌশলী সোহেল রানা ও মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান নয়; একজন সাক্ষর মানুষই পারেন নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে এবং একটি জ্ঞানভিত্তিক, উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। বক্তারা নিরক্ষরতামুক্ত ও সচেতন সমাজ গড়তে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।