কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক, দৈনিক মানবজমিনের প্রতিনিধি ও কোটচাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ নজরুল ইসলাম (৬৮) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে পৌর শহরের সিনেমা হলপাড়ার নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রয়াত শেখ নজরুল ইসলাম পৌর শহরের সিনেমা হলপাড়ার মৃত শেখ আব্দুর রশিদের ছেলে। আশির দশকে ছোটগল্প লেখার মধ্য দিয়ে লেখালেখির জগতে তার যাত্রা শুরু হয়। পরবর্তীতে তিনি দৈনিক বাংলার বাণী ও পূর্বাঞ্চল পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় যুক্ত হন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি সর্বশেষ দৈনিক মানবজমিন ও স্থানীয় দৈনিক নবচিত্র পত্রিকায় কাজ করেছেন।
কর্মজীবনে তিনি সমাজের অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা ও বিভিন্ন অসংগতি নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশ করেছেন। স্থানীয় সাংবাদিকতায় তার দীর্ঘদিনের অবদান ও পেশাদারিত্বের কারণে তিনি সহকর্মী ও এলাকাবাসীর কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন।
মঙ্গলবার বাদ জোহর কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মসজিদ চত্বরে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মেইন বাসস্ট্যান্ড পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, সাবেক মেয়র জাহিদ হোসেন, সাংবাদিক কাজী মৃদুল, আলমগীর কবির, এস এম রায়হান উদ্দীন, মঈন উদ্দিন খান ও কামাল হাওলাদারসহ রাজনীতিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
তার মৃত্যুতে কোটচাঁদপুর সাংবাদিক মহলসহ বিভিন্ন সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।