মেহেরপুর প্রতিনিধি
সংগৃহীত—
ছবি:
মেহেরপুরের গাংনীর মাথাভাঙ্গা নদীতে গোসল ও কাপড় ধোয়ার সময় পানিতে ডুবে সাগরী খাতুন (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভবানীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগরী খাতুন ওই গ্রামের জামরুল ইসলামের স্ত্রী। তাদের দেড় বছরের একটি সন্তান রয়েছে।
নিহতের স্বামী জামরুল ইসলাম বলেন, তিনি কর্মস্থলে ছিলেন। হঠাৎ খবর পান, তার স্ত্রী বাড়ির পাশের মাথাভাঙ্গা নদীতে ডুবে মারা গেছেন। খবর পেয়ে দ্রুত বাড়িতে ফিরে আসেন তিনি।
জামরুল ইসলাম বলেন, সাগরী প্রায়ই নিজের ও সন্তানের কাপড় ধোয়ার জন্য নদীতে যেতেন। এভাবে তাকে হারাতে হবে, তা কখনো ভাবেননি। দেড় বছরের সন্তানকে নিয়ে এখন কীভাবে সংসার সামলাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
স্থানীয় ইউপি সদস্য রেজাউল ইসলাম জানান, সকালে মাথাভাঙ্গা নদীতে সাগরী খাতুনকে ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, মাথাভাঙ্গা নদীতে ডুবে এক গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।