ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে নির্মাণের এক মাসের মধ্যেই একটি ফ্ল্যাট সলিং সড়কের বিভিন্ন অংশ দেবে গর্তের সৃষ্টি হয়েছে।
এতে যানবাহন চলাচলসহ স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি হচ্ছে। এ ঘটনায় সড়ক নির্মাণকাজের মান ও প্রকল্পের তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি সড়কটির নির্মাণকাজ শেষ হয়েছে। কিন্তু এক মাস না পেরোতেই সড়কের বিভিন্ন স্থানে ইট দেবে গর্ত তৈরি হয়েছে।
তাদের অভিযোগ, নির্মাণকাজের সময় উপকরণের মান ও কাজের প্রক্রিয়া যথাযথভাবে তদারকি করা হয়নি।
সড়কের পাশে স্থাপিত প্রকল্পের ফলক অনুযায়ী, ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের ২০২৫-২০২৬ অর্থবছরের বিশেষ বরাদ্দের আওতায় সড়কটি নির্মাণ করা হয়েছে।
প্রকল্পটির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে এক লাখ ৮৮ হাজার ২০০ টাকা। সড়কটির দৈর্ঘ্য ৬৯ দশমিক ৪৮১ মিটার এবং প্রস্থ ২ দশমিক ৪৪০ মিটার। প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেনের নাম উল্লেখ রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘রাস্তা তৈরির সময় মাটি রোলার করা হয়নি। নিম্নমানের ইট ও বালু দিয়ে কাজ করতে দেখেছি। তখন ভয়ে কিছু বলিনি।
এখন এক মাসের মধ্যেই রাস্তা দেবে গিয়ে গর্ত হয়ে গেছে। ভালো ইট দিয়ে সঠিকভাবে কাজ করলে এত দ্রুত রাস্তা নষ্ট হওয়ার কথা নয়।’
আর এক বাসিন্দা বলেন, ‘এমন কোনো ভারী বৃষ্টিও হয়নি যে নতুন রাস্তা এভাবে দেবে যাবে। কাজের মান ভালো না হওয়ায় এমন হয়েছে বলে আমাদের ধারণা। চেয়ারম্যান যদি কাজটি ঠিকভাবে করাতেন, তাহলে এত দ্রুত রাস্তার এই অবস্থা হতো না।’
মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেনের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘রাস্তাটি আমি করেছি। কিন্তু আমি সেখানে গিয়ে দেখিনি। শুনেছি রাস্তাটি দেবে গিয়ে গর্ত তৈরি হয়েছে। কয়েক দিনের বৃষ্টির কারণে এমন হতে পারে।’