খুলনা অফিস
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ময়লার কনটেইনারবাহী গাড়ির চাপায় আব্দুস সালাম (৪৮) নামে অপর এক গাড়িচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন পাওয়ার হাউজ মোড় এলাকার কেসিসির নিজস্ব গ্যারেজের অভ্যন্তরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম নগরীর লবণচরা থানাধীন নিজ খামার এলাকার মেসের আহম্মেদের ছেলে। তিনি কেসিসির একজন নিয়মিত চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও গ্যারেজ সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে কেসিসির চালক আব্দুর বারেক গ্যারেজ থেকে একটি ময়লার কনটেইনারবাহী গাড়ি বের করছিলেন। এ সময় পাশে থাকা অন্য একটি গাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন চালক আব্দুস সালাম। গাড়িটি মোড় নেওয়ার সময় তিনি দুই গাড়ির মাঝখানে চাপা পড়েন।
তার চিৎকার শুনে গ্যারেজের কর্মকর্তা-কর্মচারীরা ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেসিসির যান্ত্রিক শাখার উপ-সহকারী প্রকৌশলী মো. সেলিমুল আজাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আব্দুস সালাম ও গাড়িচালক আব্দুর বারেক—দুজনই কেসিসির চালক হিসেবে কর্মরত ছিলেন। অসাবধানতাবশত গাড়ি বের করার সময় এই দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।