ঝিনাইদহ প্রতিনিধি
শিক্ষার্থীদের অতীত ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ঝিনাইদহে দিনব্যাপী ডাকটিকিট, পুরোনো মুদ্রা ও ঐতিহ্যবাহী অ্যান্টিক সামগ্রীর প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ঝিনাইদহ ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে এই ব্যতিক্রমী প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের দুর্লভ ডাকটিকিট, প্রাচীন আমলের মুদ্রা, কাগুজে নোট এবং নানা ধরনের ঐতিহাসিক সামগ্রী স্থান পায়। এসব দুর্লভ সংগ্রহ দেখতে সকাল থেকেই শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
আয়োজকরা জানান, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস জানার আগ্রহ বাড়ানো এবং তাদের অতীতের দেশীয় ও আন্তর্জাতিক মুদ্রা ও ডাকটিকিটের বিবর্তনের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই মূলত এই মেলার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ বি সি বিশ্বাস, ঝিনাইদহ ল্যাবরেটরি স্কুলের পরিচালক ইসাহাক আলী, প্রধান শিক্ষক লিজা ফেরদৌস, মর্নিংবেল চিল্ড্রেন একাডেমির পরিচালক শাহিনুর আলম লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।