চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অয়ন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় মিথিলা (১৭) নামে এক তরুণী গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে দিকে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া-টালিখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অয়ন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। মিথিলা চৌগাছা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়া মহল্লার নাজমুল ইসলামের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে অয়ন ও মিথিলা নম্বরবিহীন সাদাকালো রঙের একটি ১৫০ সিসি সুজুকি মোটরসাইকেলে চড়ে চৌগাছা থেকে যশোরের দিকে যাচ্ছিলেন।
পথে কয়ারপাড়া-টালিখোলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে অয়ন ও মিথিলা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর পিকআপটি নিয়ে চালক মহেশপুরের দিকে পালিয়ে যান।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে অয়নকে মৃত ঘোষণা করেন। মিথিলার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।