চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় হামজ্বরে আক্রান্ত হয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজের (৪০) মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে যশোরের বেসরকারি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অবাইদুল ইসলাম সবুজ উপজেলার পাশাপোল ইউনিয়ন পরিষদের (ইউপি) টানা দ্বিতীয়বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি পাশাপোল গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। অবায়দুল মা, স্ত্রী, এক কন্যা সন্তান রেখে গেছেন।
হাসপাতালে থাকা পাশাপোল ইউপি সদস্য কিতাব আলী জানান, গত ৯ অক্টোবর অবাইদুল ইসলাম সবুজ জ্বরে আক্রান্ত হন। জ্বর না কমায় ১১ অক্টোবর তাকে যশোরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান তিনি হামে আক্রান্ত হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি আগে থেকেই অ্যাজমা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।
যশোর ইবনে সিনা হাসপাতালের কাস্টমার কেয়ার কর্মকর্তা নাজিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ হামজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সবুজ ২০২১ সালের নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
তার মৃত্যুতে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
শনিবার আছরের নামাজ শেষে পাশাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা ও পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা।