ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় এসএসসি ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত ১৯৬ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে সরকারি শহীদ মসিয়ূর রহমান ডিগ্রি কলেজে আশরাফ ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনাপ্রাপ্তদের মধ্যে এসএসসি পর্যায়ের ১৩৬ জন এবং অষ্টম শ্রেণির ৬০ জন শিক্ষার্থী রয়েছে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাইফুল্লাহ। প্রধান আলোচক ছিলেন যশোরের প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা, লেখক, অ্যাক্টিভিস্ট বেনজীন খান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির উবে কলেজের সহযোগী অধ্যাপক ড. স্বপন কুমার ঘোষ, জাপানের আইন কলেজের সহযোগী অধ্যাপক ড. বাবলু কুমার ঘোষ এবং আমেরিকাপ্রবাসী সমাজসেবক মনিরুজ্জামান মীর।
বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, আইসিটি কর্মকর্তা ওহিদুল ইসলাম এবং যশোরের আদুল গফুর অ্যাকাডেমির অধ্যক্ষ অধ্যাপক জিল্লুল বারী।
সমাবেশে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধার বিকাশে এ ধরনের আয়োজন অনুপ্রেরণা জোগাবে। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।