রূপক মুখার্জি
, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলা সদরের লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় মাঠের পূর্ব পাশে ঐতিহাসিক জিয়া মঞ্চটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ইট-সুরকি খসে পড়ছে, নষ্ট হচ্ছে মঞ্চের বিভিন্ন অংশ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই মঞ্চের বর্তমান অবস্থা নিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। মঞ্চটি রক্ষায় দ্রুত পূর্ণাঙ্গ সংস্কার ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন উপজেলা ও পৌর বিএনপির নেতারা।
স্থানীয় সূত্রে জানা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালে দেশের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক ও সরকারি সফর করেন। ১৯৭৯ সালের ২ নভেম্বর তিনি নড়াইলের লোহাগড়ার লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় মাঠে আসেন এবং পাকা মঞ্চ থেকে জনসমাবেশে বক্তব্য দেন। তার সেই সফরকে ঘিরে মাঠটি স্থানীয় রাজনৈতিক ইতিহাসে বিশেষ গুরুত্ব লাভ করে। পরবর্তী সময়ে তার স্মৃতিকে ধারণ করে সেখানে 'জিয়া মঞ্চ' গড়ে তোলা হয়।
সময়ের পরিক্রমায় মঞ্চটির অবকাঠামো দুর্বল হয়ে পড়েছে। যথাযথ সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে এর ইট, বালু-সুরকি খসে পড়ছে। নতুন প্রজন্ম ভুলতে বসেছে জিয়া মঞ্চের ঐতিহাসিক গুরুত্ব। দীর্ঘদিন সংস্কার না হওয়ার ফলে ঐতিহাসিক স্থাপনাটি ধীরে ধীরে বৈশিষ্ট্য হারাচ্ছে।
এ বিষয়ে নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান বলেন, জিয়া মঞ্চ পূর্ণাঙ্গ সংস্কার ও সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা প্রয়োজন। যথাযথ উদ্যোগের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই স্থাপনাটি তার ঐতিহাসিক মর্যাদা ফিরে পাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত থাকবে বলে তার আশা।