খুলনা অফিস
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বিভিন্ন অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রশাসনিক সিদ্ধান্তে পাঁচ শিক্ষকসহ সাত কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ১১৫তম সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন, নিয়োগের সময় বয়স গোপন, ভুয়া অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার সনদ দিয়ে চাকরিতে যোগদানসহ বিভিন্ন গুরুতর অভিযোগে তদন্ত শেষে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। চাকরিচ্যুত এই সাতজনই দীর্ঘদিন ধরে সাময়িক বরখাস্ত ছিলেন।
চাকরিচ্যুত শিক্ষকরা হলেন—কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. পিন্টুচন্দ্র শীল, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম) বিভাগের অধ্যাপক ড. সুব্রত তলাপাত্র, অ্যানার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগের সহকারী অধ্যাপক নিবিড় মণ্ডল, মানবিক ও ব্যবসায়িক শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মাসরুরা মোস্তফা এবং একই বিভাগের সহকারী অধ্যাপক শাহরিয়ার রোমান। এছাড়া অন্য দুজনের মধ্যে রয়েছেন ডেপুটি রেজিস্ট্রার নিমাইচন্দ্র মিস্ত্রি এবং অফিস সহায়ক সত্যজিৎ কুমার দত্ত।
কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী আনিছুর রহমান ভূঁইয়া জানান, গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১১৫তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক এই সাতজনকে চাকরিচ্যুত করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে আগে থেকেই সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাদের সাময়িক বরখাস্ত রাখা হয়েছিল। পরবর্তীতে সুষ্ঠু তদন্ত শেষে অনেকের কাছ থেকে ব্যাখ্যা তলব করা হলেও কেউ জবাব দিয়েছেন, আবার কেউ দেননি। সব মিলিয়ে সিন্ডিকেট সভায় তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।