স্টাফ রিপোর্টার
, যশোর
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের পরাজিত শক্তিই সাতই নভেম্বরের পরাজিত শক্তি। চব্বিশের গণ-অভ্যুত্থানে যখনই সাধারণ জনতা ও সশস্ত্র বাহিনীর চিন্তা এক বিন্দুতে মিলেছে, তখনই শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আশেক হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রতিমন্ত্রী আরও বলেন, পঁচাত্তরের এবং চব্বিশের গণ-অভ্যুত্থান এই শিক্ষাই দেয় যে দেশ ও জাতির প্রয়োজনে জনতা ও সশস্ত্র বাহিনীর মধ্যবর্তী অদৃশ্য দেয়াল ভেঙে পড়ে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ক্ষেত্রে তারা সবসময় সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।
তিনি মন্তব্য করেন, সশস্ত্র বাহিনীর চেইন অব কমান্ডের কথা যতই বলা হোক না কেন, সর্বোচ্চ ব্যক্তিও যদি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস না করেন এবং জনগণের আকাঙ্ক্ষা ধারণ করতে না পারেন, তবে তার কমান্ড অধস্তন কর্মকর্তারা অনুসরণ করেন না।
সবাইকে ৭ নভেম্বর ও চব্বিশের গণ-অভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নুরুজ্জামান, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। এ ছাড়া সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সভায় অংশ নেন।