নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলায় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিহত বিএনপি ও অঙ্গসংগঠনের দুই নেতার মরদেহ ময়নাতদন্ত শেষে নিজ নিজ বাড়িতে আনা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহগুলো বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। নিহতদের বাড়িতে এখন চলছে মাতম।
মরদেহ বাড়িতে পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। বিএনপির স্থানীয় নেতাকর্মী ও আত্মীয়স্বজনেরা শোকসন্তপ্ত পরিবারসদস্যদের সান্ত্বনা দিচ্ছেন।
বৃহস্পতিবার বিকেলেই জানাজা শেষে তাদের দাফন হওয়ার কথা রয়েছে।
নিহতরা হলেন কালিয়া পৌর কৃষকদলের সদস্যসচিব শেখ শাহিনুর (৪০) এবং কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪৫)।
শেখ শাহিনুর কালিয়া পৌরসভার মির্জাপুর এলাকার নিছার উদ্দিন শেখের ছেলে এবং সোহেল মোল্যা ছোট কালিয়া এলাকার মোতালেব মোল্লার ছেলে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী সর্বশেষ পরিস্থিতি জানিয়ে বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য প্রতিরোধের কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর কালিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। মিছিলটি উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান।
এতে শেখ শাহিনুর ও সোহেল মোল্যা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।