যশোর, বাংলাদেশ || রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

টানা বৃষ্টিতে শ্যামনগর উপকূলের জনজীবন স্থবির

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ০৬:৫৪ পিএম
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ০৭:১০ পিএম
টানা বৃষ্টিতে শ্যামনগর উপকূলের জনজীবন স্থবির

ঘূর্ণিঝড় 'আকভান'-এর প্রভাবে সাতক্ষীরার শ্যামনগর উপকূলীয় এলাকায় শুক্রবার সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে বেড়েছে বাতাসের গতিবেগ। বিশেষ করে নদীতীরবর্তী এলাকায় বাতাসের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। বৃষ্টির সঙ্গে বেড়েছে শীতের প্রকোপও। ফলে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না সাধারণ মানুষ। বাজারগুলোতে ক্রেতাদের উপস্থিতি কমে যাওয়ায় অনেকটা স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক বেচাকেনা।

শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন আমন ধানচাষিরা। অনেক কৃষক পাকা ধান কেটে জমিতে রেখেছেন। আবার কোথাও কোথাও আধাপাকা ধান বৃষ্টির পানিতে নুয়ে পড়েছে। এ অবস্থায় সময়মতো ধান ঘরে তুলতে না পারলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।

এ বিষয়ে স্থানীয় কৃষক ওয়েসকুরুনী বলেন, ‘আমরা মাত্র ধান কাটার কাজ শুরু করেছিলাম। কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় ধান ঘরে তুলতে পারছি না।’

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। বিশেষ করে উপজেলার বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে আতঙ্কে রয়েছেন নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা। তাদের আশঙ্কা, বৃষ্টি ও বাতাসের তীব্রতা বাড়লে দুর্বল বেড়িবাঁধের বিভিন্ন অংশ ক্ষতির মুখে পড়তে পারে।

বেড়িবাঁধের ঝুঁকি নিয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী এলাকার বাসিন্দা শাহমিম হোসেন বলেন, ‘এখন ভরা জোয়ারের সময় না হলেও পানির উচ্চতা বাড়লে বেড়িবাঁধের কিছু কিছু স্থানে সমস্যা দেখা দিতে পারে।’

বৃষ্টির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরা ও পদ্মপুকুরের বাসিন্দারা। এসব এলাকার অধিকাংশ প্রধান সড়ক কাঁচা হওয়ায় বৃষ্টিতে কাদায় চলাচল ব্যাহত হচ্ছে। ফলে প্রয়োজনীয় কাজে বাইরে বের হতেও ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।

গাবুরা ইউনিয়নের বাসিন্দা ইব্রাহিম হোসেন বলেন, ‘আমাদের এলাকার প্রধান সড়কগুলো কাঁচা। বৃষ্টির কারণে কাদামাটির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে। কিন্তু খেটে খাওয়া মানুষ তো আর ঘরে বসে থাকতে পারে না। কাজ না করলে সংসার চলবে কীভাবে?’

বৃষ্টির প্রভাব পড়েছে স্থানীয় বাজারের ব্যবসা-বাণিজ্যেও। উপজেলার নওয়াবেঁকী বাজারের ব্যবসায়ী ইয়াকুব বলেন, ‘শুক্রবার সকাল থেকে বাজারে বেচাকেনা নেই বললেই চলে। বৃষ্টির কারণে মানুষ বাজারে আসছে না। দোকানে বসে ক্রেতার অপেক্ষা করতে হচ্ছে।’

একই বাজারের সবজি ব্যবসায়ী আব্দুল মোতালেব বলেন ‘শুক্রবার সকাল থেকে কেনাবেচার অবস্থা খুবই খারাপ। আমরা দিনে আনি, দিনে খাই। এভাবে বৃষ্টি চলতে থাকলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে।’

সাতক্ষীরা আবহাওয়া অফিসের কর্মকর্তা জুলফিকার আলী বলেন ‘এই মুহূর্তে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত চলছে। শনিবার থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।’

শ্যামনগর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আশিকুর রহমান জানান, ‘বুড়িগোয়ালিনী ইউনিয়নের একটি স্থানে বেড়িবাঁধে সামান্য সমস্যা দেখা দিয়েছিল। তবে ইতোমধ্যে সেটি মেরামত করা হয়েছে। এ ছাড়া উপজেলার অন্য কোথাও বেড়িবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা নেই।’

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ওলিউল ইসলাম বলেন, ‘শ্যামনগরে আমাদের টিম মাঠপর্যায়ে কাজ করছে। এখন পর্যন্ত কোনো কৃষকের বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ছাড়া আমরা আগেই কৃষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছিলাম। বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিরাজ হোসেন খান বলেন ‘বর্তমানে তিন নম্বর সতর্কসংকেত চলছে। আমরা ইতোমধ্যে সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত ও প্রয়োজনীয় ব্যবস্থা ঠিকঠাক রাখার নির্দেশনা দিয়েছি। সংকেত বাড়লে জরুরি সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)