কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া শহরের একটি ভাঙাড়ির দোকানে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে শহরের মজমপুর রেলগেট এলাকার রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত দুজন হলেন কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার জব্বারের ছেলে ভাঙাড়ি বিক্রেতা সুমন (৩৫) ও জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে ভাঙাড়ির দোকানদার রুহুল আমিন (৪২)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত ভাঙাড়ি মালামাল কুড়িয়ে বেলা সাড়ে তিনটার দিকে রুহুল আমিনের দোকানে বিক্রি করতে আসেন সুমন। ওজন মাপার আগে বস্তা উল্টে মালামাল ঢালার সময় ভেতর থেকে লাল টেপ মোড়ানো একটি বস্তু মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয় এবং চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
বিস্ফোরণে দোকানদার রুহুল আমিন ও বিক্রেতা সুমন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হোসেন জানান, শুক্রবার বিকেলে বোমা বিস্ফোরণে আহত অবস্থায় সুমন ও রুহুল আমিন নামের দুজন জরুরি বিভাগে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, আহত দুজনেরই পায়ে আঘাত লেগেছে এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।