মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিং কর্মচারীদের ঘিরে ঘুস বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে। বকেয়া বেতন ছাড়ের নামে অর্থ আদায়, লাখ টাকা ঘুস নিয়েও চাকরি বহাল না রাখা এবং চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই কর্মচারী ছাঁটাইয়ের অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘ সাত বছর টিকিট ক্লার্ক পদে দায়িত্ব পালনের পর চুক্তির মেয়াদ আরও দুই মাস বাকি থাকতেই শিমু খাতুন নামের এক কর্মচারীকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গত ১২ অক্টোবর থেকে কোনো লিখিত নোটিশ ছাড়াই তাকে দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে না। তার স্থানে স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী লুৎফর রহমানের আপন ভাইজি পান্না খাতুনকে বসানো হয়েছে, যিনি আগে একই প্রতিষ্ঠানে আয়া পদে কর্মরত ছিলেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, আউটসোর্সিংয়ের দশ কর্মচারীর মধ্যে ছয়জন অর্থের বিনিময়ে নিয়োগপত্র পেলেও শিমু খাতুনসহ চারজন এখনো তা পাননি।
ভুক্তভোগী শিমু খাতুন অভিযোগ করে বলেন, ‘১১ মাসের বকেয়া বেতন পাওয়ার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপা জেলা সিভিল সার্জনের নাম ভাঙিয়ে নয়জন কর্মচারীর কাছ থেকে ১৫ হাজার টাকা করে নিয়েছেন। এ ছাড়া চাকরি টিকিয়ে রাখতে অফিস সহকারী লুৎফর রহমানকে ১ লাখ ২০ হাজার টাকা দিয়েছি। এরপরও বৃহস্পতিবার সকালে কাজে গেলে লুৎফর রহমান আমাকে চেয়ারে বসতে দেননি।’
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে গেলে তিনি সামান্য টাকার বিনিময়ে পান্না খাতুনের ছেড়ে যাওয়া আয়া পদে কাজ করার পরামর্শ দেন। এ ঘটনায় তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছেন।
উল্লেখ্য, এর আগে গত আগস্ট মাসেও আউটসোর্সিং কর্মচারীদের কাছে ঠিকাদারের ঘুস দাবির অভিযোগ নিয়ে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। সে সময় শাকিল নামের এক কর্মচারী জেলা স্বাস্থ্য কর্মকর্তা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিলেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অফিস সহকারী লুৎফর রহমান সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কারও কাছ থেকে কোনো টাকা নিইনি। আমার ভাইজিকে ঠিকাদার নিয়োগ দিয়েছেন। শিমু খাতুন বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপা বলেন, ‘হাসপাতালে কোনো ঘুস লেনদেন হয় না। শিমু খাতুনকে চাকরি থেকে বাদ দেওয়া হয়নি; যারা নিয়োগপত্র এনেছেন, তাদের পদ অনুযায়ী দায়িত্ব দেওয়া হয়েছে।’
টাকার বিনিময়ে আয়া পদে কাজ করার প্রস্তাব দেওয়ার বিষয়ে তিনি প্রথমে অস্বীকার করলেও পরে বলেন, ‘আমি টাকার কথা বলিনি; তবে তাকে অন্য পদে কাজ করার পরামর্শ দিয়েছি।’