কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলার কাটকাটা বাজারে আগুনে একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানের মালিক আবদুস সবুর বিশ্বাস উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।
তার দাবি, আগুনে দোকানের একটি ফ্রিজ ও বিভিন্ন মালামাল পুড়ে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার রাত একটার দিকে বাজারের দোকানপাট বন্ধ থাকার সময় হঠাৎ আবদুস সবুর বিশ্বাসের দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে নেভানোর চেষ্টা চালান এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
পরে কয়রা উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ও কাটকাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাজারের আশপাশের দোকানগুলো বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
কাটকাটা বাজার কমিটির সভাপতি আবদুস সালাম সরদার বলেন, ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি চলে যাওয়ার পর ওই দোকানে আগুন লাগে। সবার চেষ্টায় আগুন নেভানো গেলেও দোকানের সব মালামাল পুড়ে গেছে।
বাজারের ব্যবসায়ী রিপন শেখ বলেন, দীর্ঘদিনের পুঁজি হারিয়ে ওই ব্যবসায়ী এখন দিশেহারা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়াতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
কয়রা উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার আহাদ আলী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কাটকাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বাজারের বড় অংশ ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।