সাতক্ষীরা প্রতিনিধি
মানবাধিকার সুরক্ষা ও কর্মীদের মধ্যে সমন্বয় আরও দৃঢ় করার লক্ষ্যে সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) শহরের পলাশপোল এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের আঞ্চলিক কার্যালয়ে এ সভা হয়।
‘ডিফেন্ডিং হিউম্যান রাইটস থ্রু নেটওয়ার্ক স্ট্রেনদেনিং (ডিএইচআরএনএস)’ প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক এ সভার আয়োজন করে।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) ও উত্তরণের সহযোগিতায় অনুষ্ঠিত এ সভায় স্থানীয় পর্যায়ে মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময় করা হয়।
সংগঠনটির জেলা সভাপতি আইনজীবী আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সদস্যসচিব আইনজীবী মুনির উদ্দীনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবদুল হামিদ, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, অধ্যক্ষ পবিত্র মোহন দাস, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, আইনজীবী শেখ আজাদ হোসেন বেলাল, এম কামরুজ্জামান, আইনজীবী নাজমুন নাহার ঝুমুর, আইনজীবী মোস্তফা আসাদুজ্জামান দিলু, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, আইনজীবী খায়রুল বদিউজ্জামাল, আইনজীবী রঘুনাথ মণ্ডল, সাবেক কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, আলী নূর খান বাবুল, অধ্যাপক ইদ্রিস আলী, সাংবাদিক মিজানুর রহমান, শরীফুল্লাহ কায়সার সুমন, এস এম শহীদুল ইসলাম, এস এম বিপ্লব হোসেন, আসাদুজ্জামান সরদার, আবদুস সামাদ প্রমুখ।
সভায় অংশগ্রহণকারীরা জেলা পর্যায়ে মানবাধিকার রক্ষায় পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।