সাতক্ষীরা প্রতিনিধি
বনদস্যুদের তাণ্ডবে মা-বাবার জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষাজীবন ও পরিবার বাঁচাতে ‘উপকূলে জাগরণ যাত্রা’, বিক্ষোভ ও মানববন্ধন করেছে সুন্দরবন উপকূলীয় শিক্ষার্থীরা। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোরা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা মাঠে এ কর্মসূচি শুরু হয়।
বই-খাতা, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে উপকূলীয় সড়ক প্রদক্ষিণ করে।
কর্মসূচি শেষে শিক্ষার্থীরা খাতার পৃষ্ঠা ছিঁড়ে পানিতে ফেলে প্রতীকী প্রতিবাদ জানায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুন্দরবনে অপহরণ ও চাঁদাবাজির ভয়ে মাছ, কাঁকড়া ও গোলপাতা আহরণ বন্ধ থাকায় হাজার হাজার বনজীবী পরিবারে তীব্র অভাব নেমে এসেছে। এতে অভাবের তাড়নায় অনেক শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে কাজের সন্ধানে ছুটতে বাধ্য হচ্ছে। এমন পরিস্থিতিতে নিজেদের শিক্ষাজীবন ও পরিবারের ভবিষ্যৎ রক্ষায় আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।

খুলনা বিএল কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. জিয়ারুল ইসলামের সভাপতিত্বে এবং কলেজ শিক্ষার্থী আশিকুর রহমানের সঞ্চালনায় কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বক্তব্য দেন।
চাঁদনীমুখা এম এম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মো. রাসেল রানা বলেন, ‘মা-বাবার বেকারত্ব আমাদের বই-খাতা কেড়ে নিচ্ছে। অবিলম্বে সাঁড়াশি অভিযান চালিয়ে বনদস্যুদের নির্মূল করতে হবে।’
মাদ্রাসাছাত্রী সাকিলা পারভীন বলে, ‘দস্যুদের ভয়ে বাবা বনে যেতে পারছেন না, ঘরে হাঁড়িতে ভাত নেই। আমাদের পরীক্ষার ফি ও বই কেনার টাকা নেই। আমরা বাঁচতে চাই, স্কুলে যেতে চাই।’ ছাত্রী হিরা মনি ক্ষোভ প্রকাশ করে বলে, ‘দস্যুদের তাণ্ডবে একটি পুরো প্রজন্ম অন্ধকারে হারিয়ে গেলে সেই দায় কে নেবে?’

কর্মসূচিতে সংহতি জানিয়ে অভিভাবক মনোয়ারা খাতুন বলেন, ‘জীবিকার পথ বন্ধ হওয়ায় সংসার ও সন্তানের পড়াশোনা চালানো অসম্ভব হয়ে পড়েছে। দ্রুত সরকারি ত্রাণ ও সহায়তা জরুরি।’
আরেক অভিভাবক কামরুল ইসলাম বলেন, ‘বনদস্যুদের দৌরাত্ম্য থামাতে না পারলে আমরা না খেয়ে এবং সন্তানদের অশিক্ষিত রেখে ধ্বংস হয়ে যাব।’
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চাঁদনীমুখা পরিজান আলিম মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী মো. জুনায়েদ হোসেন, শিক্ষার্থী আশুরা খাতুন, মো. অয়েস কুরুনী, মুন্নি আক্তার, রাকিব হোসেন, মো. টুটুল ও মো. জিল্লুর রহমান।
এ ছাড়া শিক্ষকদের পক্ষে আব্দুর রহিম ও শহিদুল ইসলাম এবং অভিভাবকদের পক্ষে গাজীবাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মো. শফিকুল ইসলাম সংহতি প্রকাশ করেন।