খুলনা অফিস
খুলনার কয়রায় বিশেষ অভিযান চালিয়ে ৪টি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ গুলিসহ সুন্দরবনের জলদস্যুর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। এ সময় পলাতক এক জলদস্যু নেতার বাড়ি থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। শুক্রবার (২৭ নভেম্বর) এসআরবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কয়রা উপজেলার ৫ নম্বর কয়রা ইউনিয়নের পাড়পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কয়রা এলাকার কেরামত গাজীর ছেলে হাফিজুর রহমান (৩৭) এবং জামাল ফারুকের ছেলে আব্দুর রহিম (২৬)। এ ঘটনায় পলাতক রয়েছেন জলদস্যু নেতা ইয়াদ আলী পাড়। তিনি কয়রার মহরালী পাড়ের ছেলে।
এসআরবি-৬ স্পেশাল কোম্পানি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে হাফিজুর ও আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার হাফিজুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে জলদস্যু নেতা ইয়াদ আলী পাড়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে দস্যুতার কাজে ব্যবহৃত ৪টি আগ্নেয়াস্ত্র, ২৫টি শটগানের গুলি এবং ৪৬০টি এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তার হাফিজুর জলদস্যুদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতেন। অন্যদিকে আব্দুর রহিম জলদস্যুদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও রসদ পৌঁছে দেওয়ার পাশাপাশি এলাকায় অবস্থান করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গতিবিধি সম্পর্কে দস্যুদের তথ্য দিতেন।
অভিযান সংশ্লিষ্টরা জানান, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত ও মাদক কারবারিসহ চাঞ্চল্যকর অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করছে।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার দুজনকে কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে কয়রা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।