ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুরে ভারত সীমান্তবর্তী ইছামতি নদী থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। তবে তার নাম পরিচয় এই রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।
মৃত ব্যক্তি বাংলাদেশি নাকি ভারতীয় কিংবা কী কারণে তার মৃত্যু হয়েছে, তাও এখনও জানাতে পারেনি পুলিশ ও বিজিবি।
ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল রফিকুল আলম বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিজিবির টহল দল দেখতে পায় সীমান্তের শূন্য লাইন থেকে বাংলাদেশের ৫০ গজ অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে একটি মৃতদেহ পড়ে আছে। তখন টহল দল পুলিশকে খবর দেয়। পুলিশ মৃতদেহের সুরতহাল প্রতিবেদন করলে তারা মৃত্যুর বিষয়ে কথা বলতে পারবে।
তিনি আরো বলেন, সীমান্ত এলাকায় কেউ নিখোঁজ আছে- এমন কোনো অভিযোগ বিজিবির কাছে কেউ করেনি। কয়েকদিনে কোনো অপ্রীতিকর ঘটনাও সীমান্ত এলাকায় ঘটেনি। নদীতে প্রচুর কচুরিপানা থাকলেও মৃতদেহটি ছিল দৃশ্যমান স্থানে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, সন্ধ্যায় ভারত সীমান্তবর্তী ইছামতি নদীর বাংলাদেশ অংশে একটি মৃতদেহ পড়ে আছে- এমন খবর আসে পুলিশের কাছে। পরে পুলিশ সেখানে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। এখন পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্নও প্রাথমিকভাবে পাওয়া যায়নি। তিনি কোন দেশের নাগরিক তাও বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ হয়তো জানা যাবে।