কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি ইটভাটার পুকুর থেকে অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার পৌর কলেজ এলাকার ইকো ব্রিকসের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের পাশে অবস্থিত পৌর ইকো ব্রিকসের পুকুরে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা।
এই ভাটার মালিক বিএনপির উপজেলা সভাপতি ও সাবেক মেয়র সালাহউদ্দিন বুলবুল সিডল।
এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ জানায়, নিহত যুবতীর বয়স আনুমানিক ২৫ বছর। তার পরনে বোরকা ছিল। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শণাক্ত করা সম্ভব হয়নি।
লাশের পরিচয় নিশ্চিতকরণ এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।