সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে ইজিবাইকের ধাক্কায় তামান্না সুলতানা (১২) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে ইউনিয়নের ভালুকা চাঁদপুর বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত তামান্না সুলতানা স্থানীয় ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। সে সদর উপজেলার দোনপার গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় তামান্না। ভালুকা চাঁদপুর বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলেও তার আগেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই চালক ইজিবাইকটি ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আবু অহিদ বাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "তামান্না অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। তার এই অকাল মৃত্যুতে স্কুল ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।"
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ইজিবাইকটি জব্দ করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।