কালিয়া (নড়াইল) প্রতিনিধি
কালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তির ওপর কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার দক্ষিণ যোগানিয়া গ্রামে কালিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং আন্তর্জাতিক ভূট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট) বাংলাদেশ, যশোর অঞ্চলের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক (ডিডি) মুহাম্মদ আরিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিমিট বাংলাদেশ যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়ক কৃষিবিদ জাকারিয়া হাসান। অনুষ্ঠানের নারী কৃষক তাসলিমা বেগম, উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
এ সময় রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে অল্প সময়ে এবং সাশ্রয়ী পদ্ধতিতে ধানের চারা রোপণের কৌশল স্থানীয় কৃষকদের হাতে-কলমে শেখানো হয়। পাশাপাশি শ্রমিক সংকট মোকাবিলা, উৎপাদন ব্যয় হ্রাস এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
কৃষি কর্মকর্তারা জানান, যন্ত্রের মাধ্যমে চারা রোপণ করলে জমিতে সমান দূরত্ব বজায় থাকে, ফলে ফলনও ভালো হয়।
উপস্থিত কৃষকরা নতুন প্রযুক্তি ব্যবহারে আগ্রহ প্রকাশ করেন এবং আগামী মৌসুমে এ পদ্ধতিতে চাষাবাদ সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন। পরে মাঠে নমুনা শস্য কর্তনের মাধ্যমে ফলন পরিমাপ করা হয়।