মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর বাইপাস সড়কে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত পাখি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ইউনুস আলী (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় রাশেদ নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার (১ মে) দুপুর তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুস আলী চুয়াডাঙ্গা জেলা শহরের এতিমখানা পাড়ার মৃত শাহাজাদ শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ইউনুস আলী মোটরসাইকেলে করে মেহেরপুর থেকে মুজিবনগরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আশরাফপুর বাইপাস সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাখি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। পাখি ভ্যানটি চালাচ্ছিলেন মুজিবনগর উপজেলার ভবনন্দপুর গ্রামের মহিদের ছেলে হাপি।
সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ইউনুস আলী ও চালক রাশেদ রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইউনুস আলীকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত রাশেদ বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে বৃদ্ধ ইউনুস আলীর মৃত্যুর সংবাদ চুয়াডাঙ্গায় তার নিজ এলাকায় পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।