স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। সকালে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি। পরে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বৃহস্পতিবার সকালে যশোর জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে মহান মে দিবসের কর্মসূচি শুরু হয়। উদ্বোধনের পর কালেক্টরেট চত্বর থেকে বের হওয়া র্যালিটি দড়াটানা ও মুজিব সড়ক হয়ে জজকোর্ট মোড়ে গিয়ে শেষ হয়।
র্যালির আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে মালিক-শ্রমিক সবাইকে একসাথে কাজ করতে হবে। তাদের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব সৃষ্টি করা যাবে না। মতবিরোধ হলে তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।
তিনি আরও বলেন, একটি মহল ইচ্ছাকৃতভাবে দ্বন্দ্ব উসকে দিয়ে দেশের শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মে দিবস উপলক্ষে যেন কোনো সহিংসতা না ঘটে, সে দিকেও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এছাড়াও দিবসটি উপলক্ষে অসহায় ও দুঃস্থ ১০৮ জন শ্রমিকের মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে ৪০ লক্ষাধিক টাকার অনুদান মন্ত্রীর হাত দিয়ে প্রদান করা হয়।
সমাবেশ ও র্যালিতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন খোকন, সিভিল সার্জন মাসুদ রানা, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
র্যালি শেষে বিভিন্ন শ্রমিক সংগঠন নিজ নিজ উদ্যোগে দিবসটি উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করে।