অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে একই দিনে পানিতে ডুবে বশিরুল্লাহ (১৪) নামে এক মাদরাসাছাত্র ও হুজাইফা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (১৭ মে) দুপুর ২টার দিকে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে বশিরুল্লাহ এবং সকল সাড়ে ১১টার দিকে চলিশিয়া ইউনিয়নে হুজাইফার মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত বশিরুল্লাহ বাঘুটিয়া ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের হায়দার আলীর ছেলে। সে নওয়াপাড়া পীরবাড়ি মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। নিহত হুজাইফা নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ওলা গ্রামের খায়রুল কবীরের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুর ২টার দিকে মাদরাসাছাত্র বশিরুল্লাহ তার দুই বন্ধুর সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করছিল। গোসল শেষে দুই বন্ধু ঘাটে উঠলেও বশিরুল্লাহকে খুঁজে পাওয়া যায়নি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা ৩টার দিকে পুকুরের তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।
অপরদিকে, শিশু হুজাইফা নড়াইল থেকে তার এক আত্মীয়ের সঙ্গে অভয়নগর উপজেলার চলিশিয়া গ্রামে আলমগীর হোসেনের বাড়িতে বেড়াতে আসে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবেশী আব্দুল গফ্ফারের বাড়িসংলগ্ন পুকুর পাড়ে খেলা করার সময় হুজাইফা নিখোঁজ হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে রিপা বেগম নামে এক নারী তাকে ওই পুকুরে ভাসতে দেখেন। পরে এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও ভারপ্রাপ্ত ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, মাদরাসাছাত্র বশিরুল্লাহ ও শিশু হুজাইফার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।