ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে মাহাবুল হোসেন (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ মে) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার বজরাপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহাবুল হোসেন মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রামের আলী বক্সের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে মাহাবুল হোসেন ব্যক্তিগত মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে ঝিনাইদহ আদালতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন।
পথিমধ্যে মহেশপুরের বজরাপুর এলাকায় পৌঁছালে তিনি হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং তীব্র গতিতে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যান। এতে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে মহেশপুর থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ বা আপত্তি না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।