স্টাফ রিপোর্টার
, যশোর
সোমবার যশোর ও ঝিকরগাছায় এলপি গ্যাসের সাতটি দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন। এময় বিভিন্ন অপরাধে ব্যবসায়ীদের কাছ থেকে এক লাখ আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাস, সহকারী কমিশনার মো. আসিফ উদ্দীন, সহকারী কমিশনার আশীষ কুমার দাস, সহকারী কমিশনার বিশাল কুমার জাজোদিয়া, সহকারী কমিশনার তাওমীদ হাসান, সহকারী কমিশনার মীম বিনতে মুস্তাফিজ। মোবাইল আদালত পরিচালনায় বিএসটিআইয়ের পরিদর্শক সাব্বির আহমেদ এবং পুলিশ প্রশাসন সহযোগিতা করেন।
কতিপয় অসাধু গ্যাস ব্যবসায়ীর ক্রসফিলিংসহ (একটি এলপিজি সিলিন্ডার থেকে অবৈধ এবং ঝুঁকিপূর্ণ উপায়ে আরেকটি সিলিন্ডারে গ্যাস স্থানান্তর করার প্রক্রিয়া) অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করা হয়।
তারই প্রেক্ষিতে সোমবার বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যশোর জেলা প্রশাসনের ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সাতটি স্থানে অভিযান চলাকালে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় মোট এক লাখ আট হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এরমধ্যে যশোর সদরের সীতারামপুর এলাকার মমতাজ এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা, শংকরপুরের রনি গ্যাস স্টোরকে ৫০ হাজার এবং আরমান আরিফ টুটুলকে আট হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্যান্য ব্যবসায়ীদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়।