নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলায় ট্রলি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মনজুরুল ইসলাম বাবু (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৮ মে) বেলা ১১টার দিকে সদর উপজেলার কালনা–নড়াইল সড়কের তালতলা ঘোষবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনজুরুল ইসলাম বাবু সাতক্ষীরার গোয়াল বাথান গ্রামের হাসেম আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে কালনা–নড়াইল সড়কের তালতলা ঘোষবাড়ি এলাকায় একটি ট্রলি ও পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মনজুরুল ইসলাম বাবুর মৃত্যু হয়। এ সময় দুই গাড়ির আরও চারজন আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়।
নড়াইল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবকের পরিচয় শনাক্ত করা গেছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়ক থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।