খুলনা অফিস
খুলনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬। মঙ্গলবার (১৯ মে) সকালে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে এই মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁও ভূমিভবন থেকে একযোগে দেশব্যাপী এই ভূমিসেবা মেলার উদ্বোধন করেন। খুলনা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে প্রধানমন্ত্রীর সেই উদ্বোধনী অনুষ্ঠানটি বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়।
খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।
জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩৮ জন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকের মাঝে ভূমি অধিগ্রহণের প্রায় তিন কোটি টাকার ক্ষতিপূরণের চেক সরাসরি বিতরণ করেন।
এর আগে, মেলা উপলক্ষ্যে সকালে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আয়োজকেরা জানান, তিন দিনব্যাপী চলমান এই ভূমিসেবা মেলায় তাৎক্ষণিকভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য ‘land.gov.bd’ সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন এবং অনলাইনে কর পরিশোধে সার্বিক সহায়তা প্রদান করা হচ্ছে।
এ ছাড়া ই-নামজারির আবেদন দাখিল ও প্রক্রিয়া সম্পন্নকরণ, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও তাৎক্ষণিক সরবরাহ এবং অনলাইনে মৌজাম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ করে ডাক বিভাগের মাধ্যমে সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে।
মেলা চলাকালীন গণশুনানীর মাধ্যমে ভূমিসেবা সংক্রান্ত যেকোনো অভিযোগ গ্রহণ ও দ্রুত সমাধানসহ সেবাগ্রহীতাদের বিভিন্ন পরামর্শ প্রদান করা হবে।