সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তের কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৩ জুন) মধ্যরাত ২টা থেকে ৩টার মধ্যে উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মো. গোলাম রাব্বানীর ছেলে মো. মহিউদ্দিন (৪২) এবং মৃত খাজের আলী সরদারের ছেলে মো. শাহীন (২৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে তারা অবৈধভাবে ভারতে যান।
পরে কলকাতার হাওড়া হয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যে রাজমিস্ত্রির শ্রমিক হিসেবে কাজ করছিলেন তারা। বুধবার ভোররাতে একই উপায়ে সীমান্ত পেরিয়ে তারা অবৈধভাবে দেশে ফেরার চেষ্টা করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বসন্তপুর সীমান্তসংলগ্ন বাঁশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
এতে দুজনই গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাত সোয়া ৩টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তবে এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, তাদের আওতাধীন এলাকায় কোনো গোলাগুলি ঘটেনি; তবে যারা আহত হয়েছে তাদের বাড়ি কালিগঞ্জে হওয়ায় তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।