চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় মুক্তেশ্বরী নদীতে ডুবে মেহজাবিন নূর (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ফুলসারা ইউনিয়নের জামিরা গ্রামের আজিজুর রহমানের মেয়ে। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার জামিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে মুক্তেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে।
নিহতের বাবা আজিজুর রহমান হাসপাতালে সাংবাদিকদের জানান, বেলা সাড়ে ১২টার দিকে বড় ভাই আল আমিনের (১২) সাথে নদীতে গোসল করতে যায় মেহজাবিন।
গোসল করার একপর্যায়ে জামিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরনো ভবনের পেছনে মুক্তেশ্বরী (স্থানীয়ভাবে বলিদা নামে পরিচিত) নদীতে সে তলিয়ে যায়। এ সময় তার বড় ভাই আল আমিন চেষ্টা করেও তাকে রক্ষা করতে পারেনি।
পরে স্থানীয়রা তাকে ডুবে যেতে দেখে দ্রুত নদী থেকে উদ্ধার করে দুপুর ১টা ১০ মিনিটে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মেহজাবিনকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা ও পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।