যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রেসক্লাবের সদস্যপদসহ তিন দফা দাবিতে আন্দোলনে জেইউজে

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ৩ জুন,২০২৬, ০৬:১৪ পিএম
আপডেট : বুধবার, ৩ জুন,২০২৬, ০৮:১৩ পিএম
প্রেসক্লাবের সদস্যপদসহ তিন দফা দাবিতে আন্দোলনে জেইউজে

প্রেসক্লাব যশোরের সদস্যপদ প্রদান, অফিস কক্ষ সম্প্রসারণ ও যথাসময়ে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন- এই তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছে ফ্যাসিবাদবিরোধী পেশাদার সাংবাদিকদের সংগঠন সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে)।

বুধবার (৩ জুন) দুপুরে প্রেসক্লাব যশোরে সংগঠনের নির্বাহী কমিটি ও সাধারণ সদস্যরা ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনের হাতে স্মারকলিপি প্রদান করেন।

এসময় স্মারকলিপির বিষয়বস্তু ও এর গুরুত্ব তুলে ধরে বক্তৃতা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর ও সাবেক সভাপতি এম আইউব।

স্মারকলিপি গ্রহণ করে সাংবাদিকদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। তিনি প্রেসক্লাবের নতুন সদস্যপদ প্রদানের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। বিষয়টি নিয়ে দ্রুতই নির্বাহী কমিটিতে আলোচনা করবেন বলেও জানান।

সাংবাদিকদের দাবি যৌক্তিক উল্লেখ করে তিনি আরও বলেন, ‘৩৬ জুলাইয়ের পরে সাংবাদিক ইউনিয়নের সদস্যসহ গণঅভ্যুত্থানের পক্ষের সাংবাদিকরা প্রেসক্লাবের ঐক্য বজায় রাখতে যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছেন। আমি সর্বোচ্চ চেষ্টা করবো উপযুক্তদের প্রেসক্লাব সদস্যপদ প্রদানের।’

এর আগে দুপুরে প্রেসক্লাবের দ্বিতীয় তলায় অবস্থিত সাংবাদিক গোলাম মাজেদ অডিটোরিয়মে বিশেষ সভায় বসে সাংবাদিক ইউনিয়ন যশোরের সর্বস্তরের নেতাকর্মীরা। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আকরামুজ্জামান।

দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় নিয়োজিত সংগঠনের সদস্যদের প্রেসক্লাব যশোরের সদস্যপদ প্রদান, সংগঠনের অফিস কক্ষ সম্প্রসারণ ও যথাসময়ে প্রেসক্লারে নির্বাচনের দাবিতে সদস্যদের মতামত গ্রহণ করা হয়। এসময় সদস্যরা দাবিগুলোর সপক্ষে তাদের জোরালো মতামত পেশ করেন।

পরে সর্বসম্মতিক্রমে বিষয়গুলো নিয়ে ধারাবাহিক আন্দোলন কর্মসূচির সিদ্ধান্ত হয়। সভা শেষে এক সপ্তাহ সময় বেঁধে দিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

১০ জুনের মধ্যে সাংবাদিকদের দাবির পক্ষে প্রেসক্লাব কোনো ইতিবাচক পদক্ষেপ না নিলে ধারাবাহিকভাবে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দেওয়ার পরামর্শ দেন সদস্যরা। এ বিষয়ে সভায় সর্বসম্মত সিদ্ধান্ত নেন সাংবাদিকরা।

সভায় বক্তৃতা করেন প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, জেইউজের সভাপতি নূর ইসলাম, এম আইউব, শহিদ জয়, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজল এবং বিএম আসাদ, কাজী আশরাফুল আজাদ, এসএম সোহেল, আব্দুল্লাহ হুসাইন, সরোয়ার হোসেন, তহীদ মনি, মীর মঈন হোসেন মুসা, তরিকুল ইসলাম তারেক, জুবায়ের আহম্মেদ, নিজামুদ্দিন ভুইয়া শিমুল প্রমুখ।

সভায় পঞ্চাশের অধিক সদস্য উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন সেক্রেটারি এসএম ফরহাদ। উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মীর কামরুজ্জামান মনি, দপ্তর সম্পাদক কাজী রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য হানিফ ডাকুয়াসহ অন্যান্য নেতারা।

সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঐতিহ্যবাহী ‘প্রেসক্লাব যশোর’ এ অঞ্চলের কর্মরত সাংবাদিকদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান। দীর্ঘকাল ধরে এই প্রতিষ্ঠানটি সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মান উন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে অনন্য ভূমিকা পালন করে আসছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সাংবাদিক ইউনিয়ন যশোরের বেশ কিছু পেশাদার সাংবাদিক, যারা দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে মূলধারার গণমাধ্যমে দায়িত্ব পালন করছেন, তাদের এখনো ক্লাবের সদস্যপদ থেকে বঞ্চিত রাখা হয়েছে। তাদের অনেকেই ইতোমধ্যে নিয়ম মাফিক আবেদন জমা দিলেও অজ্ঞাত কারণে তা ঝুলে রয়েছে।’

যশোরের সাংবাদিক সমাজের মধ্যে বৃহত্তর ঐক্য বজায় রাখার স্বার্থে এবং ক্লাবের মর্যাদা অক্ষুণ্ন রাখতে, আসন্ন প্রেসক্লাব নির্বাচনের পূর্বেই পেশাদার সাংবাদিকদের যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনায় সদস্যপদ প্রদান জরুরি বলে মনে করে জেইউজে। সেই নিরিখে সংগঠনটি যথাসময়ে প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, তফশিল ঘোষণার আগেই যোগ্য সাংবাদিকদের প্রেসক্লাব যশোরের সদস্যপদ প্রদান এবং যশোর শহরে কর্মরত পেশাদার সাংবাদিকদের মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানায়।

স্মারকলিপি প্রদানকালে সাংবাদিকনেতারা স্পষ্ট জানিয়ে দেন, প্রেসক্লাব যশোরে নতুন সদস্যপদ প্রদানের ক্ষেত্রে ফ্যাসিবাদী রাজনীতিতে যুক্ত বা তাদের কোনো দোসরকে মেনে নেওয়া হবে না। তবে বর্তমান কমিটিসহ ক্লাবের সাধারণ সদস্যদের মধ্যে যদি ফ্যাসিবাদের কোনো দোসর থাকেন, তো সাংবাদিকদের বৃহত্তর ঐক্যের স্বার্থে ছাড় দেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)