খুলনা অফিস
খুলনায় বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে একজন নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া পিসিএফ ফিড ইন্ডাস্ট্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় পাইকগাছার আছাবুর সরদারের ছেলে সাইদুর রহমান সাইদ (২৫) নামের এক বাসযাত্রী নিহত হয়েছেন এবং অন্তত ৭/৮ জন যাত্রী আহত হয়েছেন।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান হাফিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, বাসটি পাইকগাছা থেকে যাত্রী নিয়ে খুলনায় আসছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন এবং আহত ৭/৮ জনকে উদ্ধার করে দ্রুত ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।