চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় স্বামীর ব্যবসার জন্য ৫০ হাজার টাকা দাবিকে কেন্দ্র করে সৃষ্ট পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত শেফা খাতুন (১৮) পৌরসভার মডেলপাড়া (কুটিপাড়া) এলাকার মুজিবুর রহমানের মেয়ে এবং খালেদ বিন ওলেদ ওরফে সেতুর স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, চৌগাছা বাজারে ‘উইসডোম ফ্যাশন’ নামে একটি গার্মেন্টস ব্যবসা পরিচালনা করেন খালেদ বিন ওলেদ ওরফে সেতু।
ব্যবসার প্রয়োজনে তিনি শ্বশুরবাড়ি থেকে ৫০ হাজার টাকা দাবি করেন। পরিবারের পক্ষ থেকে টাকা দিতে কিছু সময় চাওয়া হলে স্ত্রী শেফাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন বলে স্বজনরা জানিয়েছেন।
এরপর গত ৪ জুন শেফা বাবার বাড়িতে বেড়াতে আসেন। রোববার (৭ জুন) দুপুরে স্বামীর সঙ্গে ভিডিও কলে কথোপকথনের সময় তিনি নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে।
শেফার মা আসমা খাতুন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন।
পরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা ১০ মিনিটে শেফা খাতুন মারা যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পরদিন সোমবার খালেদ বিন ওলেদ তার শ্বশুরবাড়ি গেলে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়।
চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে, সোমবারের মারামারির বিষয়টি আমার জানা নেই।