যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৯ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সৌদি প্রবাসীর মৃত্যু, লাশ আনা নিয়ে অনিশ্চয়তায় পরিবার

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৯ জুন,২০২৬, ০১:৪৩ পিএম
আপডেট : শুক্রবার, ১৯ জুন,২০২৬, ০৩:১৯ পিএম
সৌদি প্রবাসীর মৃত্যু, লাশ আনা নিয়ে অনিশ্চয়তায় পরিবার

উন্নত জীবনের আশায় স্বজনদের কাছ থেকে ধার-দেনা করে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন মাগুরার মহম্মদপুর উপজেলার তৈয়েব আলী (৫৩)। কিন্তু সেখানে লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

মৃত্যুর আট দিন পেরিয়ে গেলেও এখনো দেশে আসেনি তার মরদেহ। শেষবারের মতো তৈয়েব আলীকে একনজর দেখতে পথ চেয়ে বসে আছেন তার স্ত্রী ও তিন মেয়ে। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে আকুল আকুতি জানিয়েছেন স্বজনরা।

মৃত তৈয়েব আলী মহম্মদপুর উপজেলা সদরের পূর্ব নারায়ণপুর গ্রামের মৃত হালিম মোল্যার ছেলে। তিনি গত শুক্রবার (১২ জুন) সৌদি আরবের রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের প্রথম দিকে প্রায় সাড়ে চার লাখ টাকা খরচ করে সৌদি আরবে যান তৈয়েব আলী। সেখানে তিনি রড মিস্ত্রির কাজ করতেন। ধার-দেনা করে বিদেশে যাওয়া এই প্রবাসীর এখনো প্রায় দুই লাখ টাকা ঋণ রয়েছে। এর মধ্যেই তার আকস্মিক মৃত্যুতে পুরো পরিবারটি এখন গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে। এদিকে মৃত্যুর পর সৌদি আরবে থাকা তার পরিচিত ও আত্মীয়রা মরদেহের দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেছেন। ফলে লাশ দেশে ফিরিয়ে আনা নিয়ে চরম জটিলতা তৈরি হয়েছে।

স্বামীর মরদেহ ফিরে পেতে ও তিন মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত তৈয়েব আলীর স্ত্রী বিউটি বেগম। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ধার-দেনা করে আমার স্বামী বিদেশে গিয়েছিলেন। এখনো দুই লাখ টাকার বেশি দেনা রয়েছে। তিন মেয়েকে নিয়ে কীভাবে সংসার চালাব জানি না। আট দিন হয়ে গেল, এখনো তার লাশ দেশে আসেনি। কবে আসবে সেটাও জানি না। শেষবারের মতো স্বামীর মুখটা একটু দেখতে চাই।

মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বেদবতী মিস্ত্রি বলেন, তৈয়েব আলী বৈধ পথে সৌদি আরবে গিয়ে থাকলে প্রয়োজনীয় কাগজপত্রসহ পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে তার লাশ দেশে আনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)