মাগুরা প্রতিনিধি
ফটোগ্রাফিতে দক্ষতা উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তি-নির্ভর কাজের প্রসারে মাগুরায় দুই দিনব্যাপী ফটোগ্রাফি, লাইটিং ও এডিটিং বিষয়ক কর্মশালার সনদ বিতরণ করা হয়েছে। মাগুরা ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন জেলার ১৪ জন তরুণ ফটোগ্রাফার অংশগ্রহণ করেন।
গত রোববার (২১ জুন) রাতে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। এ সময় মাগুরা ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফি অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদীপ কুমার ঘোষ, মাগুরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিথুনসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এই আয়োজনে মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও ফরিদপুর জেলার মোট ১৪ জন আলোকচিত্রী ও আগ্রহী তরুণ অংশ নেন।
কর্মশালায় ঢাকা থেকে আগত প্রশিক্ষক সাইফ রিফাত ও সজল মল্লিক অংশগ্রহণকারীদের ওয়েডিং ফটোগ্রাফির বিভিন্ন কৌশল, পেশাদার লাইটিং সেটআপ, ক্যামেরা ব্যবস্থাপনা এবং আধুনিক ফটো এডিটিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তবমুখী কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধির নানা দিক সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।
আয়োজকেরা জানান, বর্তমান সময়ে ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফির প্রতি তরুণদের আগ্রহ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সেই আগ্রহকে পেশাদার পর্যায়ে নিয়ে যেতে এবং দক্ষ জনবল তৈরি করতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন অব্যাহত থাকবে।
প্রশিক্ষণার্থীরা বলেন, মাগুরায় লাইটিং ও এডিটিং বিষয়ক এমন প্রফেশনাল আয়োজন এই প্রথম। কর্মশালায় অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা তাদের পেশাগত মানোন্নয়ন এবং ভবিষ্যতে আরও মানসম্পন্ন কাজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, গত শনিবার (২০ জুন) আনুষ্ঠানিকভাবে এই কর্মশালার উদ্বোধন করেছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান।