লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
লোহাগড়া উপজেলার পৌর এলাকার আট নম্বর ওয়ার্ডে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে বিবাদী সুবাস চন্দ্র দাসের বিরুদ্ধে।
শহরের কচুবাড়ীয়া এলাকার বাসিন্দা ও মামলার বাদী বিবেকানন্দ দাস জানান, লোহাগড়া পৌর এলাকার ৯৬ নম্বর কচুবাড়িয়া মৌজায় বিবাদী সুবাস চন্দ্র দাসের সাথে মোট ৩৫টি দাগে ৫ একর ৯৬ শতাংশ জমি নিয়ে তিনি ১৯৮৯ সালের ৩৯ নম্বর ডিক্রি ও ২৯ এপ্রিল ২০২৫ তারিখের নিম্ন আদালতের ০৭/২০২৪ রায় বাতিল চেয়ে বিগত ২০২৫ সালের ২৮ জুলাই মহামান্য হাইকোর্টের বিচারপতি এসএম কুদ্দুস জামান'র আদালতে ২৭৯৮ নম্বর মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
হাইকোর্টের বিচারপতি উক্ত মামলার আদেশে বলেন, শুনানি চলাকালে রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয়পক্ষকে মামলার জমির দখল ও অবস্থানের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হলো। আদেশের কপি বাদী ও বিবাদীকে ডাকযোগে পাঠানোরও নির্দেশ প্রদান করেন।
বিবাদী সুবাস চন্দ্র দাস হাইকোর্টের উক্ত আদেশ অমান্য করে বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টার দিকে আর এস ১২৩৭ নম্বর বিবাদমান দাগের ২০ শতাংশ জমির ওপর জোরপূর্বক পাকা দালানঘর ও অগভীর নলকুপ স্থাপনের কাজ চলমান রেখেছেন। বাদী হাইকোর্টের নিষেধাজ্ঞার বিষয়টি অবহিত করে নির্মাণ কাজে বাধা দিলে বিবাদী জোরপূর্বক নির্মাণ কাজ অব্যহত রাখেন।
এ বিষয়ে জানতে চাইলে সুবাসচন্দ্র দাস বলেন, ‘হাইকোর্টের নিষেধাজ্ঞার বিষয়টি জানি না।’