নড়াইল প্রতিনিধি
লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের আমাদা গ্রামে হাজরাখালী খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বাতিলকৃত ব্যবস্থাপনা কমিটি পুনর্বহালের চেষ্টায় এলাকায় উত্তেজনা বিরাজের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, জেলা সমবায় অফিসার (অতি. দায়িত্ব) আব্দুর রহমান গত বছরের ৩১ ডিসেম্বর গঠিত কমিটি চলতি বছরের ২৬ এপ্রিল বাতিল করেন।
সমিতির সদস্য ও এলাকাবাসীর অভিযোগ, কমিটির ১২ জনের মধ্যে ২/১ জন বাদে কেউই সমিতির প্রকৃত সদস্য নন। তাছাড়া, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য দিয়ে এই ভুয়া কমিটি করার অভিযোগ উঠেছে। ওই কমিটির সাধারণ সম্পাদক আল ইমরান শেখ তিনি লক্ষ্মীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিরু কাজির আপন শালক, কোষাধ্যক্ষ ফাতেমা বেগম তিনি লক্ষীপাশা ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিরু কাজীর স্ত্রী, হাদিয়া রহমান তিনি লক্ষীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ ওমর মোল্লা তিনি লক্ষীপাশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জিরু কাজী তিনি নিজেই লক্ষীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রুমা বেগম তিনি সাংগঠনিক সম্পাদক হাদিয়ার রহমানের স্ত্রী, মোহাম্মদ এবাদুল রেজা তিনি নাশকতা মামলার আসামি এবং আওয়ামীলীগ কর্মী।
অভিযোগ সূত্রে আরও জানা গেছে, উপজেলা সমবায় অফিসার আবদুর রহমানের পরোক্ষ মদদে বাতিল কমিটির সদস্যরা বিভাগীয় অফিসে পুনর্বহালের আবেদন করেছেন। এতে এলাকায় সংঘর্ষের আশঙ্কা করছেন সাধারণ জনগণ।
এ ঘটনায় এলাকাবাসী ও সমিতির সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার বরাবর আবেদন দিয়ে জানান, ভুয়া কমিটি বহাল হলে রক্তক্ষয়ী ঘটনা ঘটতে পারে। সত্য উদঘাটন করে আইনগত ব্যাবস্থা নেওয়ার জন্য প্রশাসনের শরণাপন্ন হয়েছি।
এ বিষয়ে উপজেলা সমবায় অফিসার আব্দুর রহমান বলেন, বাতিলকৃত কমিটি খুলনা বিভাগীয় সমবায় দপ্তরে আমাকে বিবাদী করে আপিল দায়ের করেছেন।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার বলেন, আবেদন পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।