চুয়াডাঙ্গা প্রতিনিধি
বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্টে চুয়াডাঙ্গার দুই উপজেলায় একজন কৃষক ও এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
এর মধ্যে দামুড়হুদায় বজ্রপাতে নাজমুল হোসেন (২৫) নামে একজন কৃষক এবং আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুবায়ের হোসেন (১৬) নামে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার রুদ্রনগর মাঠে কাজ করার সময় বজ্রপাতে নাজমুল হোসেনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রুদ্রনগর গ্রামের জসীম উদ্দীনের ছেলে।
স্বজনদের উদ্ধৃতি দিয়ে দামুড়হুদা মডেল থানার ওসি মেজকাহ উদ্দিন জানান, দুপুরে নাজমুল হোসেন বাড়ির পাশে মাঠে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
অপরদিকে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বগাদী গ্রামে বাড়ির গ্রিলে বিদ্যুতায়িত হয়ে জুবায়ের হোসেনের মৃত্যু হয়েছে। তিনি ভাঙবাড়ীয়া ইউনিয়নের বগাদী গ্রামের হাফিজুল ইসলামের ছেলে এবং চলতি বছর ভোগাইল-বগাদী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আফরিনা ইসলাম বলেন, নিথর অবস্থায় ওই কিশোরকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায়।