যশোর, বাংলাদেশ || বুধবার, ১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তালায় বাসচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের, বাবা গুরুতর

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১ জুলাই,২০২৬, ০৩:০৭ পিএম
আপডেট : বুধবার, ১ জুলাই,২০২৬, ০৭:৪৯ পিএম
তালায় বাসচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের, বাবা গুরুতর

সকালে ছিল স্কুলের পরীক্ষা। তাই অন্য দিনের তুলনায় একটু আগেই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বেরিয়েছিলেন বাবা। পরিকল্পনা ছিল ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে নিজেও নিজের কর্মস্থলে যাবেন। কিন্তু সেই যাত্রাপথই হয়ে উঠল জীবনের শেষ পথ। কয়েক মুহূর্তের ব্যবধানে সবকিছু ওলটপালট হয়ে গেল। সাতক্ষীরার তালা উপজেলার শাহাপুর বাজারে দ্রুতগতির একটি বাসের চাপায় প্রাণ হারিয়েছে সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র কুশল সরদার (১৩)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কানাইলাল সরদার।

বুধবার (১ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুশল তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। সে উপজেলার নলতা গ্রামের বাসিন্দা এবং রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কানাই লাল সরদারের বড় ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পাইকগাছা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস (রেজি. নং: খুলনা জ-০৫-০০৪৯) বৃষ্টির মধ্যে শাহাপুর বাজার এলাকায় পৌঁছালে চুকনগর থেকে তালাগামী ওই মোটরসাইকেলটিকে সজোরে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা কুশল বাসের নিচে ছিটকে পড়ে এবং চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তার বাবা কানাই লাল সরদার গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত কানাই লাল সরদারকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সংশ্লিষ্ট খলিলনগর ইউনিয়ন পরিষদের সদস্য জিয়াউর রহমান জানান, কানাই লাল সরদার এলাকায় একজন সজ্জন ও সম্মানিত শিক্ষক হিসেবে পরিচিত। তার স্ত্রী মৌমিতা সরদারও একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। দুই সন্তানের মধ্যে কুশল ছিল বড়। পড়ালেখায় মেধাবী ও ভদ্র স্বভাবের এই শিক্ষার্থীকে ঘিরে বাবা-মায়ের ছিল অনেক স্বপ্ন।

ইউপি সদস্য আরও জানান, আজ কুশলের স্কুলে পরীক্ষা ছিল। তাই নির্ধারিত সময়ে তাকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য বাবা তাকে নিয়ে বের হয়েছিলেন। কিন্তু পথেই ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা। মুহূর্তের মধ্যে চোখের সামনে সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন শিক্ষক কানাই লাল সরদার। আহত অবস্থাতেও হাসপাতালের বিছানায় সন্তানের জন্য তার বুকফাটা আহাজারি উপস্থিত সাধারণ মানুষকে আবেগাপ্লুত করে তোলে।

কুশলের এই অকাল ও নির্মম মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজন, সহপাঠী ও শিক্ষকদের চোখের পানিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। যে শিশু সকালে পরীক্ষা দিতে বের হয়েছিল, সে আর কোনো দিন স্কুলের বেঞ্চে ফিরবে না, এই নির্মম বাস্তবতা কেউ মেনে নিতে পারছেন না।

তালা থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, এলাকায় বারবার ঘটে চলা এ ধরনের প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ, ফিটনেসবিহীন গাড়ি বন্ধ করা এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)