সাতক্ষীরা প্রতিনিধি
টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এবং সাতক্ষীরা জেলা শহরের জলাবদ্ধতা নিরসন ও জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় সুন্দরবন উপকূলীয় বোর্ড ও মন্ত্রণালয় গঠনের দাবিতে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সাথে মতবিনিময় এবং স্মারকলিপি দিয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি।
বুধবার (১ জুলাই) দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের কাছে ২১ দফা দাবি সম্বলিত এই স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপি প্রদানকালে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলালের নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, কিশোরী মোহন সরকার, হেনরী সরদার, যুগ্ম সদস্য সচিব আলিনুর খান বাবু, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সিনিয়র সাংবাদিক মমতাজ আহমেদ বাপী, এম কামরুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, সুশীলনের উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান এবং বাইজিদ হোসেন।
স্মারকলিপিতে নাগরিক কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সাতক্ষীরার সামগ্রিক অর্থনৈতিক অবদান বিবেচনা করে এর ভৌগোলিক ঝুঁকি দূর করতে অবিলম্বে ২১ দফা দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। বিশেষ করে আগামী বর্ষা মৌসুমের আগেই যেন উপকূলের বেড়িবাঁধ সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে জরুরি ভিত্তিতে উদ্যোগ নেওয়া হয়।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির প্রধান দাবিগুলো হলো: সুন্দরবন উপকূলীয় এলাকাকে 'দুর্যোগপ্রবণ এলাকা' ঘোষণা এবং টেঁকসই উন্নয়নের জন্য ‘সুন্দরবন উপকূলীয় বোর্ড ও মন্ত্রণালয়’ গঠন করে বাজেটে বিশেষ বরাদ্দ রাখা। সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও একাডেমিক কার্যক্রম আগামী শিক্ষাবর্ষ (বর্তমান সেশন) থেকেই দ্রুত চালু করা।
সাতক্ষীরা থেকে মুন্সীগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত রেললাইন নির্মাণকাজ দ্রুত শুরু করা। এছাড়া শহরের প্রধান সড়ক চার লেনে উন্নীত করা এবং ঢাকার সাথে দূরত্ব কমাতে মাওয়া-ভাঙ্গা-নড়াইল-চুকনগর-সাতক্ষীরা পর্যন্ত সড়ক নির্মাণ করা।