কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় গড়াই নদী থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার বনগ্রাম খেয়াঘাটের পাশে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি স্থানীয়দের নজরে আসে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির পরনে একটি কফি রঙের হাফহাতা শার্ট ছিল। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, আনুমানিক ২-৩ দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ এবং তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, মরদেহটি নদী থেকে উদ্ধার হওয়ায় নৌ পুলিশ এ ব্যাপারে পরবর্তী তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।